
বরিশালে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই, ২০২৬ ইং
মোহাম্মদ ইউসুফ, বরিশাল: এক সপ্তাহের ব্যবধানে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীজুড়ে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ, কর্মী সমাবেশ ও সাংগঠনিক বৈঠকে সরগরম হয়ে উঠেছে বরিশাল। দুই নেতার সফরকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অভূতপূর্ব উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী ১৩ জুলাই প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কপথে এসে সকাল সাড়ে ১০টায় গৌরনদীর ভাটাজোড় খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সফরের শেষাংশে বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন।
অপরদিকে আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি চলছে।
“ঐতিহাসিক সফর” মনে করছেন বিএনপি নেতারা: বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম সরোয়ার হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বরিশাল বিভাগের মানুষের জন্য একটি নতুন প্রত্যাশার বার্তা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। আমরা একটি সুশৃঙ্খল ও সফল সফর নিশ্চিত করতে কাজ করছি।”
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁকে বরিশালে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত। সফরকে সফল ও সুশৃঙ্খল করতে যুবদলের প্রতিটি ইউনিট ইতোমধ্যে মাঠে নেমেছে। আমরা চাই, এই সফর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান করে নিক।”
সমাবেশ ঘিরে প্রস্তুত জামায়াত: বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের বরিশাল আগমনকে ঘিরে বিভাগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত এই সমাবেশের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনগণের প্রত্যাশার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে।”
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর বলেন, “জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের বরিশাল সফরকে ঘিরে মহানগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমে মুখর এ সমাবেশ জনগণের প্রত্যাশা ও চলমান জনস্বার্থের দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরবে।”
রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে বরিশাল: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অল্প সময়ের ব্যবধানে দুই শীর্ষ নেতার বরিশাল সফর দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এর মধ্য দিয়ে মাঠের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হতে পারে বলেও মনে করছেন তারা।
সব মিলিয়ে জুলাইয়ের দ্বিতীয়ার্ধে বরিশাল পরিণত হতে যাচ্ছে জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ ও সাংগঠনিক কর্মসূচি এবং বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমানের বিভাগীয় সমাবেশ দুই আয়োজনকে ঘিরে এখন পুরো বরিশাল জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।