
শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বরিশালের পূজামণ্ডপে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাসপ্তমীতে বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার দায়িত্বরত পুলিশ সদস্য ও ডিউটি তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপনে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর সার্বিক নিরাপত্তা বজায় রাখা, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে বিএমপি বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
পরিদর্শনকালে বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।